From Viral Post to News Report: How a Fake Football Quote Spread
চলতি ফুটবল বিশ্বকাপে গত ১৭জুন আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার গ্রুপ পর্বের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচ আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে। হ্যাটট্রিক করেন আর্জেনাটাইন তারকা লিওনেল মেসি।
ম্যাচের প্রথমার্ধে মেসির একটি ট্যাকল নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই সময় মেসির বুট আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির পায়ে লাগে। রেফারি ফ্রি-কিক দিলেও কোনো কার্ড দেখাননি। ভিএআর থেকেও রিভিউয়ের জন্য হস্তক্ষেপ করা হয়নি।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে। অনেক ফুটবল সমর্থক দাবি করেন, মেসির ওই ট্যাকলের জন্য অন্তত হলুদ কার্ড দেখানো উচিত ছিল। কেউ কেউ আবার বলেন, ঘটনাটি লাল কার্ডের মতো গুরুতর ছিল না।
এই বিতর্কের মধ্যেই মান্দির নামে কথিত একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।
১৭ জুন ‘Legion’ নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে আইসা মান্দির ইনস্টাগ্রাম স্টোরি দাবি করে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়।
স্ক্রিনশটে ইংরেজিতে লেখা ছিল, “গত রাতে যদি আমার গোড়ালি ভেঙেও যেত, তবু যে খেলোয়াড় এটা করেছে সে কোনো কার্ড পেত না। রেফারিদের আরও ভালো হতে হবে। পুরো বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে।”
এই স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী এটিকে মান্দির প্রতিক্রিয়া হিসেবে প্রচার করেন। মেসির ট্যাকল নিয়ে আগে থেকেই বিতর্ক থাকায় পোস্টটি অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়।
দাবিটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের একাধিক মূলধারার সংবাদমাধ্যম ও খেলাধুলা বিষয়ক পোর্টালও একই দাবিতে প্রতিবেদন প্রকাশ করে। এবং
কালের কণ্ঠ, ইত্তেফাক, আমাদের সময়, বাংলাদেশ টাইমস এবং টি স্পোর্টসসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না।”
কালের কণ্ঠ সোর্স হিসেবে এক্স একাউন্ট Legion কে সুত্র হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে।
স্টার নিউজ ও কালবেলাও একই ধরনের খবর প্রকাশ করেছিল। তবে পরে সেগুলো সরিয়ে ফেলা হয়। প্রতিবেদনগুলো গুগল সার্চে দেখা গেলেও সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যায়নি।
চ্যানেল ২৪ প্রথমে “ক্ষুব্ধ মান্দি বললেন, গোড়ালি ভাঙলেও কার্ড পেত না মেসি” শিরোনামে খবর প্রকাশ করে। পরে তারা শিরোনাম পরিবর্তন করে “গোড়ালি ভাঙলেও কার্ড পেত না মেসি, মান্দির এমন বক্তব্য নিয়ে যা জানা গেলো” করে। প্রতিবেদনের ভেতরেও পরে উল্লেখ করা হয়, মান্দি এমন মন্তব্য করেননি।
অধিকাংশ প্রতিবেদনে তথ্যের উৎস হিসেবে মান্দির সামাজিক যোগাযোগমাধ্যমের কথা বলা হয়। তবে কোনো প্রতিবেদনে মান্দির আসল ইনস্টাগ্রাম স্টোরির নির্ভরযোগ্য লিংক বা আর্কাইভ পাওয়া যায়নি।
তবে যাচাইয়ে দেখা যায়, আইসা মান্দি এমন কোনো স্টোরি ওই সময় ইন্সটাগ্রামে শেয়ার করেননি। পাশাপাশি নির্ভরযোগ্য কোনো মিডিয়ায়ও মান্দি এমন মন্তব্য করেছেন বলে কোনো তথ্য পাওয়া যায়নি। একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদনেও মান্দি এমন বক্তব্য দেননি বলে উল্লেখ করা হয়েছে।
Legion নামক এক্স একাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, একাউন্ট পরিচালনাকারী একজন ফুটবল ভক্ত। এবাউট সেকশনে লেখা, • Jokes • Authentic / Fake updates। অর্থাৎ তিনি জোকস শেয়ারের পাশাপাশি সত্য/ভুয়া আপডেট শেয়ার করেন।
অন্যদিকে, ম্যাচের পর মান্দির প্রকাশ্যে দেওয়া মন্তব্যের সুর ছিল ভিন্ন। ফিফাকে দেওয়া বক্তব্যে তিনি মেসির পারফরম্যান্সের প্রশংসা করেন। মান্দি বলেন, আর্জেন্টিনার দলে এমন একজন খেলোয়াড় আছেন, যিনি সুযোগ পেলেই তা গোলে পরিণত করেন। তিনি আরও বলেন, মেসি সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন।
অর্থাৎ, ভাইরাল স্ক্রিনশটে মান্দির নামে যে ক্ষোভ প্রকাশের কথা বলা হয়েছে, তা অসত্য।